ইসলাম টাইমস ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন লেখা থেকে বিরত থাকতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফেইস বুকে এক ছাত্রের একটি ধর্ম বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ হলে ২৫ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে শিক্ষক, শিক্ষার্থী, এবং কর্মচারীদের সতর্কবার্তা দিয়ে এ আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো ধর্মকে হেয় প্রতিপন্ন/আঘাত করে বক্তব্য প্রদান করা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে ধর্মকে হেয় প্রতিপন্ন/আঘাত করে কোন প্রকার বক্তব্য, লেখা, লিফলেট, পোস্টার, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি) ছাপানো/ স্ট্যাটাস প্রদান করার কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।”
“কারো দ্বারা এরূপ কোন কার্যাদি সম্পাদনের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,” বিজ্ঞপ্তিতে আরো বলা হয়।

















