ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের লাহোরে সুফি মুসলিম মাজার ‘দাতা দরবার’ এর কাছে বুধবার এক বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন পুলিশ ও ৩ জন সাধারণ নাগরিক বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। তাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দি ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের।
পুলিশ জানিয়েছে, দেশটির ‘দাতা দরবার’ মাজারের দ্বিতীয় গেটের সামনে রাখা এলিট ফোর্সে গাড়িগুলোকে লক্ষ্য করেই স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ওই হামলা চালানো হয়।
এর আগে ২০১০ সালে মাজারটিতে হামলা হয়েছিল। ওই হামলায় ৪০ জন প্রাণ হারিয়েছিলেন। তখন থেকেই মাজারের নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়।
খবর পেয়ে পুলিশের উদ্ধার দল বিশাল বহর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার ওসমান বুজদার তার অন্য কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলে ছুটে গেছেন।
















