চারদিনের ব্যবধানেই কমছে সোনার দাম

চারদিনের ব্যবধানেই আগামীকাল মঙ্গলবার দেশের বাজারে কমছে সোনার দাম । ২২ ক্যারেট সোনার ভরির দাম হবে ৫০ হাজার ১৫৫ টাকা দাঁড়াবে। আগের চেয়ে ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৭ টাকা।

এরআগে, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিনই শুক্রবার (১৪ জুন) সোনার দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। তখন প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার দাম কমানোর ঘোষণায় তা আগের অবস্থায় ফিরলো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়। সর্বশেষ গত শুক্রবার প্রতি ভরি সোনার দামে ১ হাজার ১৬৭ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

দর কমায় কাল মঙ্গলবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা। অনেক দিন পর রুপার দাম কমছে। প্রতি ভরি হবে ৯৩৩ টাকা।

আজ সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫১ হাজার ৩২২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৯৮৯ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৯৭৩ টাকায় বিক্রি হচ্ছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭৫৮ টাকা ও রুপার ভরিতে কমবে ১১৭ টাকা।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। এ ছাড়া বাজেটে ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে ভরিতে শুল্ক ৩ হাজার টাকা থেকে হ্রাস করে ২ হাজার টাকা নির্ধারণ করায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সব মিলিয়েই সোনার দাম কমানো হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদসংসদে পাস হলো ১৫ হাজার ১৬৬ কোটি টাকার সম্পূরক বাজেট
পরবর্তি সংবাদভাগ্নেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সোহেল তাজ