ইসলাম টাইমস ডেস্ক: তীব্র আন্দোলনের মুখে স্থগিত হলো প্রত্যর্পণ বিল। তবে আন্দোলন থামেনি। এবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা৷ তবে, হংকংয়ের কেন্দ্রীয় সরকার চীন তার পদত্যাগের পক্ষে নেই বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম৷
আগের দিন প্রায় ২০ লাখ লোকের বিক্ষোভের পর সোমবারও রাস্তায় নামে হংকংয়ের হাজার হাজার মানুষ৷ শুরুতে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দেন তারা৷
এরপর ক্যারি লামের কার্যালয়ের সামনে সরে গিয়ে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা৷ এ সময় পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা৷
এর মধ্যে বিকেলে হংকংয়ের তরুণ নেতা জোসুয়া ওংকে জেল থেকে মুক্তি দেওয়া হলে নতুন মাত্রা পায় চলমান বিক্ষোভ৷ ২০১৪ সালে হংকংয়ে ব্যাপক বিক্ষোভের পর ওই ‘আন্দোলনের মুখ’ ওংয়ের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়েছিল৷
ওই অভিযোগে এক মাস আগে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল৷ সাম্প্রতিক বিক্ষোভের কারণে সাজার মেয়াদ এক মাস বাকি থাকতেই সোমবার মুক্তি পেলেন তিনি৷ জেল থেকে মুক্তি পাওয়ার পর সরাসরি নগর কার্যালয়ের সামনের বিক্ষোভে যোগ দেন ওং৷
















