ইসলাম টাইমস ডেস্ক: ধীরে ধীরে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে বাজেটে সিগারেটের দাম বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত এ লক্ষ্য বাস্তবায়নে গত চার বছরে বেশ কিছু সিগারেটের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি।
এ বছর একসঙ্গে দেশে উৎপাদিত সব ধরনের সিগারেটের দামই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ২০ শলাকা সিগারেটের প্রতি প্যাকেটে দাম বেড়েছে ৩৬ টাকা পর্যন্ত। সাম্প্রতিক সময়ে এই মূল্য সর্বোচ্চ।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে উচ্চমূল্য স্তরের সিগারেটের দাম প্রতি ১০ শলাকা প্যাকেট ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৯৩ টাকা ও ১০৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া নিম্নস্তরের সিগারেট ৩৫ টাকা থেকে ৩৭ টাকা এবং মধ্যম স্তরের সিগারেটের দাম ৪৮ টাকা থেকে ৬৩ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকে। এত ব্যাপক হারে সব ধরনের সিগারেটে দাম বাড়ানোর নজির নিকট অতীতে দেখা যায়নি। এ দাম বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন অধূমপায়ীরা।
















