ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে‘ আহত ৮ মামলার আসামী আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনি (৩৫) মারা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি আসলাম আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশের দাবি, নিহত জোনায়েদ একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টহল দল আদর্শ কলেজের সামনে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আবদুল্লাহ আল জোনায়েদ আহত হন এবং তার সঙ্গীরা পালিয়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
এদিকে, বন্দুকযুদ্ধের ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের বগুড়া পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়।
















