ইসলাম টাইমস ডেস্ক: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই বৈঠকে যাচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ তিন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন না মায়াবতী-অখিলেশ-চন্দ্রবাবু নাইড়ুসহ বিরোধী নেতারাও। এনডিটিভি।
এর আগেও প্রধানমন্ত্রী মোদির নীতি আয়োগের বৈঠকে মমতাসহ বিরোধী নেতাদের অনেকে যাননি। লোকসভা নির্বাচনের আগে থেকেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মমতা ব্যানার্জির দ্বন্দ্বের শুরু হয়। পরে প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা বলেও যাননি মমতা ব্যানার্জি।
মোদির সর্বদলীয় বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে। গোটা দেশে লোকসভা ও বিধানসভার নির্বাচন একসঙ্গে করার বিষয়ে আলোচনা করতেই মূলত এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় প্রতিনিধিত্বকারী দলগুলোকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুপস্থিত থাকার কথা জানিয়ে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশিকে লেখা চিঠিতে মমতা বলেছেন, ‘এক দেশ, এক নির্বাচন’ এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এত কম সময়ের নোটিশে সম্ভব নয়। আলোচনা করার আগে সংবিধান বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ এবং দলের সদস্যদের সঙ্গে কথা বলা দরকার।
তার পরামর্শ-এই বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করার এবং তা সব রাজনৈতিক দলকে দিন ও পর্যাপ্ত সময় দিয়ে তাদের মতামত জানতে চান। এভাবে এগোলেই ‘এক দেশ, এক নির্বাচন’নীতি প্রণয়নের বিষয়ে ভাল পরামর্শ দেওয়া সম্ভব হবে।
















