ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মানারুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মানারুল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে গরু ও মাদক চোরাকারবারীদের একটি দলের সাথে মানারুল শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে ভোর ৫টার দিকে ১৬ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ওই দলটি বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে মানারুল মারা যান। নিহতের লাশ বর্তমানে ভারতীয় ভূখণ্ডে রয়েছে বলেও স্থানীয়রা জানান।
এ ব্যাপারে মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন এবং স্থানীয় হাইস্কুলের শিক্ষক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মানারুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ভারতের হারুনের আমবাগানে মারা গেছে।
















