ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হিজাব সৌদির সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি নয়, মেননের দেয়া এমন বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, হিজাব বা পর্দা এটা কোন দেশের বা গোষ্ঠীর নয়, বরং এটা ইসলামের বিধান। আর ইসলামের বিধান সবার জন্য সমান। মেননরা এর আগেও ইসলাম নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিম উম্মাহকে ব্যথিত ও মর্মাহত করেছে। অবিলম্বে মেননকে এ ধরনের জ্ঞানহীন বক্তব্যের জন্য তওবা করতে হবে এবং মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।
গতকাল বিকেলে বগুড়া জেলার শিবগঞ্জ জামিয়া এমদাদুল উলুম মাদরাসার বার্ষিক সবক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই বলেন, হিজাব বা পর্দা এটা ইসলামের বিধান। মুসলমান হিসেবে সকলের এ বিধানের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। শরীয়তের বিধান নিয়ে কেউ তামাশা করলে তার ঈমান থাকে না।
















