অবৈধ প্রমাণিত হলে এমপি-মন্ত্রীর বাড়িও ভেঙে ফেলা হবে: গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: রাজউককে নির্দেশ দেওয়া হয়েছে , একটা বাড়িও ড্রপ হবে না। যদি কোনো মন্ত্রী-এমপির বাড়ি বা আমার নিজের কোনো আত্মীয়-স্বজনের বাড়িও অবৈধ প্রমাণিত হয় তবুও  ড্রপ দেওয়া যাবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গণপূর্তমন্ত্রী বলেন, এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজউকের ২৪টি দলে কাজ করে এক হাজার ৮১৮টি বহুতল ভবনে অনিয়ম পেয়েছে। এসব বাড়ির অনেক মালিক অনেক প্রভাবশালী ব্যক্তি; ক্ষমতায়, রাজনীতিতে, অর্থে, তাদের সম্পর্কে রিপোর্ট করা হবে অনেকেই ভাবেননি, কারণ তারা সমাজের পাওয়ারফুল। এসব বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছি, আপনারা আমাদের সাহায্য করেন।

মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজউককে নির্দেশ দিয়েছি, বলেছি একটা বাড়িও ড্রপ হবে না। যদি কোনো মন্ত্রী-এমপির বাড়িও হয়, আমার নিজের কোনো আত্মীয়-স্বজনও হয়, ড্রপ হবে না, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

তিনি আরো বলেন, নতুন ঢাকায় যারা নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণ করেছেন, তাদের অনিয়মের বিল্ডিংগুলো ভেঙে ফেলতে হবে।

গণপূর্তমন্ত্রী বলেন, যেটাকে কোনোভাবে রাখা যাবে না, সেটা যদি তারা (ভবন মালিক) ভাঙতে না চান, সেসব বিল্ডিং আমরা সম্পূর্ণরূপে বেআইনি ও ব্যবহার অনুপযোগী বলে সিলগালা করে দেব। ওই বিল্ডিং ব্যবহারও করতে দেব না।

 

পূর্ববর্তি সংবাদআজ ও আগামীকাল থাকতে পারে গরম, এরপর বাড়বে বৃষ্টি
পরবর্তি সংবাদঐতিহাসিক মুসা খান মসজিদ: ঢাকার বুকে বারো ভুঁইয়াদের শেষ স্মৃতিচিহ্ন