আন্তর্জাতিকইরানে পাল্টা সামরিক হামলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্পের
ইরানে পাল্টা সামরিক হামলার অনুমোদন দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন ট্রাম্পের
ইসলাম টাইমস ডেস্ক: গত বৃহস্পতিবার গোয়েন্দা নজরদারি এবং আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করে।এর জের ধরে শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইরানে পাল্টা সামরিক হামলার অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিলে এবং হামলা চালানোর লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছিল। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মত বদলান। থামিয়ে দেওয়া হয় হামলার তোড়জোড়।হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এসব খবর জানায়।
নাম প্রকাশ না করে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান আকাশে ছিল। রণতরী নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছিল। কিন্তু থামতে বলায় ক্ষেপণাস্ত্র আর ছোড়া হয়নি।
পরে যুক্তরাষ্ট্রের অন্য গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। একটি বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার প্রায় পুরো দিন ইরান ইস্যু নিয়ে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ইরানে হামলা চালানোর পরিকল্পনাটি স্থগিত করেন।
খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানে হামলা চালানোর পক্ষে ছিলেন। কিন্তু কংগ্রেসের নেতারা এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক হতে বলেন।