ইরাকে জুমার সময় মসজিদে হামলা, নিহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজের সময় চালানো সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্যের বরাতে তুরস্কভিত্তিক গণমাধ্যম ‘আনাদোলু এজেন্সি’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ।

শুক্রবার (২১ জুন) স্থানীয় সময় দুপুরে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত এক মসজিদে হামলার ঘটনা ঘটে।

গত কয়েক মাসের মধ্যে এটাই শহরটিতে হওয়া সবচেয়ে বড় ধরনের ঘটনা। তবে এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করে নেয়নি।

বাগদাদের পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ ‘আনাদোলু এজেন্সি’কে বলেন, ‘ বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকায় অবস্থিত একটি মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এ দিন এক অজ্ঞাত হামলাকারী নিজের শরীরে করে বিস্ফোরক বেল্ট নিয়ে মসজিদটিতে প্রবেশ করে। পরে নামাজ চলাকালে সেই ব্যক্তি হামলাটি চালায়। পরবর্তীতে পুলিশ এসে ১০টি মরদেহ এবং আহত ৩০ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।’

পুলিশের এ মুখপাত্র আরও বলছিলেন, ‘প্রাথমিকভাবে হামলাকারীকে সনাক্ত করা গেলেও কে বা কোন সংগঠন মর্মান্তিক এই ঘটনার সঙ্গে দায়ী তা এখনো জানা যায়নি।’

পূর্ববর্তি সংবাদএবার তীব্র পানি সংকটে পড়েছে ভারত
পরবর্তি সংবাদকুমিল্লা ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী