ইসলাম টাইমস ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি ইমরান খানের বিশেষ আমন্ত্রণে দু’দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন।
আজ শনিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে কাতারের আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ২১টি তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়।
কাতারের আমির পাকিস্তানে পৌঁছানোর আগে পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুর রহমান আল সানি ইসলামাবাদে পৌঁছান। এসময় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি তাকে অভ্যর্থনা জানান।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি পাকিস্তানে এসেছেন। আমিরের সঙ্গে কাতারের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
২দিনের সফরে কাতারের আমির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। সূত্র: ডন উর্দূ
















