ইসলাম টাইমস ডেস্ক: নির্মাণাধীন ভবন ধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
গতকাল শনিবার সকালে কম্বোডিয়ার উপকূলীয় শহর সাইহানুকভিলে স্টিল ও কংক্রিটের সাত তলা কাঠামোটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটি একটি চীনা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছিল। খবর রয়টার্সের।
ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক শ্রমিক চাপা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে। তাদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে যথাযথ কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রিয়া সাইহানুকের প্রাদেশিক দফতর রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪০ শতাংশের মতো ধ্বংসস্তূপ সরানো হয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিকভাবে বলতে পারেনি তারা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ তিন নির্মাণ তত্ত্বাবধায়কসহ চারজনকে আটক করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
















