ইসলাম টাইমস ডেস্ক: নিরাপত্তা একটা ব্যাপক কাজ। সব ধরনের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কাজ করছে। বহু চ্যালেঞ্জ ইতোমধ্যে মোকাবেলা করা হয়েছে। সন্ত্রাস-দুর্নীতিসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে অধীন দপ্তরগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নিরাপত্তা এবং দুর্নীতি বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার, এনটিএমসি, অপরাধ ট্রাইব্যুনাল সবাই তাদের কাজ সঠিকভাবে করছে। সেই জন্যই আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। যারা এই ধরনের ক্রাইম করে তারা যথেষ্ট মেধা নিয়ে ক্রাইম করে। ইদানিং দেখছি সাইবার ক্রাইম বৃদ্ধি পেয়েছে। সেজন্য আমরা সাইবার ক্রাইম ইউনিটকে শক্তিশালী করছি। সাইবার ক্রাইম দমনের জন্য আমাদের পুলিশের একটা ইউনিটই গঠন করেছি। আমাদের এনটিএমসিকে শক্তিশালী করছি।
জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীনের সঙ্গে বাংলাদেশ পুলিশ, আনছার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এনটিএমসি’র প্রধানরা চুক্তিতে সই করেন।
চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা টার্গেট নিয়ে কাজ করছি। আমাদের নির্বাচনে যে টার্গেটগুলো ছিল তা বাস্তবায়নে কাজ করবে। আমাদের সফলতার হার ৯৭ শতাংশের উপরে। কাজেই শতভাগ তেমন কিছু নয়।
















