ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন বর্ষার আগেই নড়বড়ে ও পুরনো সেতু মেরামতের জন্য রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।
গত রোববার (২৩ জুন) রাত ১১টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল লেভেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ৪ জন নিহত এবং শতাধিক আহত।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আরেকটি কথা খুব জরুরি এসেছে একনেকসভায়। একটি ঘটনা হলো রেলের। আমরা অভিনন্দন জানিয়েছি রেলমন্ত্রীকে, দ্রুত তিনি উদ্ধারকাজ শুরু করেছিলেন। তার কাছে বহু টেলিফোন আসছে মানুষের কাছ থেকে। ইতিমধ্যে যোগাযোগটা (রেলের) শুরু হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায়।
এমএ মান্নান প্রধানমন্ত্রীর রেল ও সড়কের সব সেতু সার্ভে করার দেওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, ইমিডিয়েটলি (খুব দ্রুত) নেমে পড়েন। যেগুলো নড়বড়ে, পুরনো– এগুলো তাড়াতাড়ি রিপেয়ারের ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার, করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।
















