ইসলাম টাইমস ডেস্ক: নওগাঁর আত্রাই উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর বাজারের পাশে স্লুইসগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুজন।
নিহতের নাম মোয়াজ্জেম হোসেন (২৯)। তিনি মহাদিঘী গ্রামের শামসুর রহমান খাঁনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. মোবারক হোসেন জানান, সন্ধ্যায় ওই তিন যুবক রানীনগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন।
পরে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর আহত মোয়াজ্জেম হোসেন সেখানে মারা যান। পরে আহত অপর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক্টরচালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
















