ভারতের ঝাড়খণ্ডে বাস খাদে পড়ে ৬ যাত্রীর মৃত্যু, আহত ৩৯

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের মধ্য-পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস পাহাড়ি গিরিখাতে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৯ জন।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় সময় সকালে রাজ্যের গাড়োয়া জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধার কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার দিন বাসটি ছত্তিশগড় থেকে গাড়োয়া যাওয়ার পথে আচমকা সড়ক থেকে ছিটকে পাহাড়ি গিরিখাতে পড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও এটি চালকের অসাবধানতার কারণেই হয়েছে বলে দাবি পুলিশের।

অভিযানে অংশ নেওয়া উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, ‘হতাহতদের উদ্ধারের কাজ চলছে। আমরা এখন পর্যন্ত নারী ও শিশুসহ মোট ছয়টি মরদেহ উদ্ধার করেছি। তাছাড়া আরও অনেক লোককে এরই মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’

কর্তৃপক্ষের দাবি, রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় প্রায় এমন সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১০ জুন রাজ্যের হাজারীবাগে একটি ট্রেইলার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আট যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও কমপক্ষে তিনজন।

পূর্ববর্তি সংবাদ‘ত্রিমুখি ষড়যন্ত্র ড. মুরসির ক্ষমতাচ্যুতির কারণ হয়ে উঠেছিল’: মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ
পরবর্তি সংবাদবিএনপি অফিসের সামনে ছাত্রদলের বিক্ষোভ