ভারতে জেএমবি সন্দেহে ৩ বাংলাদেশিসহ আটক ৪

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে জেএমবি সন্দেহে তিন বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোঃ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মোঃ শাহিন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম। মঙ্গলবার (২৫ জুন) সকালে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। খবর আনন্দ বাজার পত্রিকার।

ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অনুপ্রাণিত বাংলাদেশের সংগঠন জেএমবির চার সদস্যকে আটক করেছেন কলকাতা পুলিশের এসটিএফ।

পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সকালে শিয়ালদহ স্টেশনের পার্কিং এরিয়া থেকে মহসিন ও মামুনুরকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত দু’জনকে জেরা করে পুলিশ আরও দু’জনের খোঁজ পায়। হাওড়া স্টেশন থেকে আলামিন ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের কাছ থেকে ছবি ও ভিডিও-সহ মোবাইল ফোন, আইএস মতাদর্শের বেশ কিছু প্রচার পুস্তিকা ও পত্রিকা উদ্ধার করেছে রাজ্য পুলিশ।

মঙ্গলবার আটককৃতদের আদালতে নেওয়া হবে বলেও দেশটির পুলিশ সূত্রে জানা যায়। এসটিএফ-এর জয়েন্ট সিপি শুভঙ্কর সিংহ জানিয়েছেন, আদালতে আটককৃতদের রিমান্ড চেয়ে আবেদন করবেন তারা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এরা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত। বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরপাকড় চলছে। তাই তারা  ভারতে পালিয়ে এসে গা ঢাকা দেয়।

পূর্ববর্তি সংবাদঅপ্রয়োজনে সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে ব্যারিস্টার সুমনের রিট
পরবর্তি সংবাদআসন্ন বর্ষার আগেই নড়বড়ে ও পুরনো সেতু মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর