ইসলাম টাইমস ডেস্ক: বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী দাবি করলেন, আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আন্দোলন করা ভুল ছিল। মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়েই বিমানবন্দর করার প্রকল্পকে বাতিল করা হয়েছিল বলে স্বীকার করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহি বলেন, ‘আমাদের এলাকা শ্রীনগরের আড়িয়াল বিলে একটি বিমানবন্দর করার কথা ছিল। মানুষকে ভুল বুঝিয়ে, ভুল তথ্য দিয়ে এটার বিরুদ্ধে একটা আন্দোলন করে সেই প্রকল্পকে বাতিল করা হয়েছিল। আজকে আমাদের এলাকার মানুষ ভুলটি বুঝতে পেরেছেন। তারা জেনেছেন, তথ্যটি সঠিক ছিল না।
মাহী বি চৌধুরী জানান, জাপানের যে কোম্পানিকে কাজটি দেওয়া হয়েছিল, তারা পুরো বাংলাদেশ ঘুরে শেষমেশ আড়িয়াল বিলের চেয়ে সেরা জায়গা আর কোনোটা পায়নি। আমরা স্বীকার করছি, আমাদের আন্দোলনটা ভুল ছিল। আমাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আড়িয়াল বিলে বিমানবন্দর হলে দেশের জন্য মঙ্গল হবে।
















