ইসলাম টাইমস ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে ড. কামাল হোসেন বিএনপির সঙ্গে জোট বাঁধলেও আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছেন বলে দাবি করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার (২৫ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, তিনি (কামাল) আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করে দিলেন, আর আমরা ফাঁকা মাঠে গোল দিলাম। এই হচ্ছে তাদের (বিএনপির) ভাড়াটের মুরোদ। ওরা কামাল হোসেনকে ভাড়া করল ওদের জন্য, আর কাজ করল আমাদের জন্য।
তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচন এলো, লোক ভাড়া করল। কাকে করল? আওয়ামী লীগের পরিত্যক্ত নেতা, অত্যন্ত শিক্ষিত ও বিদগ্ধ নেতা। আওয়ামী লীগে চক্রান্ত করে ব্যর্থ কামাল হোসেনকে ভাড়া করে সামনে দাঁড় করালো। বলেন, তাকে নিয়ে জিততে পারবে? পারবে না। সমস্ত মাঠ খালি হয়ে গেল, আমার নিজের এলাকায়ও তাদের খুঁজে পাইনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, খেলা যদি ফাঁকা মাঠে হয়, কী করব? ফাঁকা মাঠে গোল দিলাম। তারা মাঝপথ থেকে পালিয়ে গেল। এভাবে আমরা বার বার গোল দেব ইনশাল্লাহ।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ভূমিকা নিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতার ক্ষোভের কথা বিভিন্ন সময় গণমাধ্যমেও এসেছে।
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে।
এরপর বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেয়ার পর নির্বাচনেও আসে। ভোট ডাকাতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট নির্বাচনে প্রত্যাখ্যানের পর গণফোরাম থেকে নির্বাচিতরাই আগে এমপি হিসেবে শপথ নেন, পরে বিএনপিও তাদের পথ ধরে।
















