ইসলাম টাইমস ডেস্ক: ডিআইজি মিজানের বিরুদ্ধে সুনির্দিষ্ট গ্রেফতারি পরোয়ানা থাকলে তিনি অবশ্যই গ্রেফতার হবেন। তবে তিনি চাইলে আত্মসমর্পণ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী’ শীর্ষক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিআইজি মিজান আত্মগোপনে বিদেশে চলে যেতে পারেন কি না−এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘ডিআইজি মিজান যদি আত্মসমর্পণ করতে চান, তাহলে তিনি করতে পারবেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে সোমবার (২৪ জুন) ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মিজানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক (দুর্নীতি দমন কমিশন)।
















