ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরে বাস খাদে পড়ে ৯ ছাত্রীসহ অন্তত ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার শোফিয়ান জেলায় বাসটি গভীরখাদে পড়ে উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। খবর ইয়েনি শাফাকের।
শোফিয়ান জেলার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সালেম মালিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় সাতজনকে আহত অবস্থায় কাশ্মীরের শ্রীনগরের শ্রীমহারাজ হারি শিং হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পঞ্চ জেলা থেকে পিকনিকের উদ্দেশে মুগল সড়কে অবস্থিত দর্শনীয় স্থান ‘পির কি গালি’তে যাত্রাপথে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সুরাকোট এলাকার একটি বেসরকারি কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থী।
এসএমএইচএসের একজন সিনিয়র ডাক্তার বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।
















