ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়েছে এ এস আই জহিরুল। গত মঙ্গলবার রাত ৯টায় পূর্বাচল নতুন শহর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ রাতে পূর্বাচলের ২ নং সেক্টর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরু ভূইয়ার ছেলে আমিনুল (২৯) কে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আশে-পাশে থাকা স্থানীয়রা জানান, অভিযানে থাকা রূপগঞ্জ থানার সহকারী দারোগা জহিরুল ইসলাম আটক ব্যক্তির পকেটে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে থানায় না নিয়ে পূর্বাচল পর্শ্বি গোলচত্তর থেকে নির্জনে নিয়ে নির্যাতন করে ১ লাখ টাকা দাবী করে। এ সময় ঐ মাদক ব্যবসায়ীর স্বজনরা রাতেই ৫০ হাজার টাকা দিয়ে তাকে মুক্ত করে।
এ এস আই জহিরুল ইসলাম বলেন, সন্দেহভাজন হিসেবে আমিনুলকে আটক করা হয়েছিলো, তবে কিছু না পেয়ে ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, আসামী আটক বা টাকা নেওয়ার কোন অভিযোগ পাইনি। তবে ঘটনাটি তিনি তদন্ত করে দেখতে চেয়েছেন।
















