ইসলাম টাইমস ডেস্ক: মাগুরায় হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম পিপুলের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিচারপতির পরিবারের সদস্যদের জিম্মি করে মোট ২০ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম পিপুলের গ্রামের বাড়ি মাগুরা সদরের বেলনগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
খায়রুল আলমের ছোটভাই শিমুল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত তাদের বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।
















