ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বরিশাল নদী বন্দর থেকে আরও ৪ যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয় তাদের। আটককৃত ৪ জনের বাড়িই বরগুনায়। তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি কিনা তা নিশ্চিত নয় পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ বরিশাল নদী বন্দর থেকে ৪ যুবককে আটক করে। এদের প্রত্যেকের বাড়ি বরগুনায়। তাদের মধ্যে একজনের চেহারার বরগুনার রিফাত হত্যা মামলার এক আসামির সাথে মিল রয়েছে। তবে আটককৃতরা রিফাত হত্যার সাথে সরাসরি জড়িত কি না তা নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত করার জন্য বরগুনা জেলা পুলিশকে ৪ জন আটকের বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে বরগুনা সদর থানা পুলিশ রাত পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে মামলার ৪ নম্বর আসামি চন্দন এবং দুপুরে মো. হাসান নামে একজনকে গ্রেফতারের পর রাতেও একজনকে গ্রেফতার করেছে। বরগুনায় তৃতীয়জন গ্রেফতারের কথা পুলিশ সুপার নিশ্চিত করলে তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ সুপার মারুফ হোসেন।
















