সুইস ব্যাংকে বাংলাদেশের নামে জমা থাকা ‘আমানত’ বাড়ছেই প্রতিবছর

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে । ২০১৮ সাল শেষে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তহবিলের পরিমাণ ৬২ কোটি ২৫ লাখ সুইস ফ্রাঁ জমা হয় সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৩৫৪ কোটি টাকা।

গতকাল সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড-২০১৮’ নামে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নামে সে দেশের ব্যাংক ব্যবস্থায় জমা থাকা দায় ও সম্পদের পরিসংখ্যান রয়েছে।

প্রতিবেদনটি বিশ্নেষণে দেখা যায়, বাংলাদেশের নামে মোট দায় অর্থাৎ ব্যাংকগুলোতে জমা ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। এর সঙ্গে সম্পদ ব্যবস্থাপকের মাধ্যমে আরও ৪৮ লাখ সুইস ফ্রাঁ বিনিয়োগ হিসেবে রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের নামে সুইস ব্যাংকগুলোতে জমার পরিমাণ ছিল ৪৮ কোটি ১৩ লাখ সুইস ফ্রাঁ বা ৪ হাজার ১৫৬ কোটি টাকা। ২০১৬ সালে ছিল ৬৬ কোটি ফ্রাঁ। তার আগের বছর ছিল ৫৫ কোটি ফ্রাঁ। ২০১৪ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা ছিল প্রায় ৫১ কোটি ফ্রাঁ।

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে থাকা অর্থের মধ্যে একটি অংশ পাচার হয়ে থাকে বলে সন্দেহ করা হয়। সাধারণত ধারণা করা হয়, নির্বাচনের বছরে অর্থ পাচার বাড়ে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে থাকা অর্থের বেশিরভাগই বাণিজ্যকেন্দ্রিক। এ দেশের ব্যাংকগুলোর পাওনা হিসেবে যা উল্লেখ করা হয়। গ্রাহকের আমানত হিসাবে যে অর্থ থাকে তার মধ্যে বিদেশে চাকরি করেন এমন বাংলাদেশিদের অর্থও রয়েছে। গ্রাহক আমানতের একটি অংশ পাচার হতে পারে বলে সন্দেহ করা হয়।

পূর্ববর্তি সংবাদশিক্ষকের স্বীকারুক্তি: ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে আমি ধর্ষণ করেছি
পরবর্তি সংবাদফ্রান্সে মসজিদে হামলা, ইমামসহ ২ জন আহত