ভারতে ভারী বৃষ্টিপাতে দেয়াল ধসে নিহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক:  ভারতে ভারী বৃষ্টিপাতের পর একটি আবাসিক ভবনের পাশের একটি দেয়াল ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার ভোরে ভারতের পুনেতে   এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তপের মধ্যে পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, একটি আবাসিক ভবনের পাশে একটি দেওয়াল ধসে শ্রমিকদের জন্য নির্মিত খুপড়ি ঘরের ওপরে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও তা অব্যাহত থাকে।  শুক্রবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  ২০১০ সালের পর জুন মাসে এই পরিমান বৃষ্টিপাত শহরটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

ভারী বৃষ্টিপাতের মধ্যে রাত দুইটা নাগাদ পুনের কোন্ধা এলাকায় দেওয়াল ধসে পড়ে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের খোঁজেও চলছে তল্লাশি। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে দেওয়াল ধসে পড়েছে। এই ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠানের অবহেলার বিষয়টিও সামনে আসছে। ১৫ জন মানুষ মারা যাওয়া সামান্য ব্যাপার না। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে’।

দেওয়াল ধস ছাড়াও শুক্রবার বৃষ্টিপাত সংশ্লিষ্ট ঘটনায় মহারাষ্ট্রে আরও আট ব্যক্তি নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের ছেলের মুখে থুথু নিক্ষেপ করলেন এক নারী
পরবর্তি সংবাদমিয়ানমারকে মদদ দিচ্ছে চীন- এটা বিশ্বাস করি না: পররাষ্ট্রমন্ত্রী