প্রস্তাবিত বাজেট উন্নয়নমুখী, জনবান্ধব ও সুষম হয়েছে: প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও সুষম’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাজেটে দেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হবেন। এতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি মনে করি দেশের প্রত্যেক নাগরিক এই বাজেটে উপকৃত হবে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত এবং সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাচ্ছি। এই বাজেট সেই লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই বাজেট দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন সরকারের সময় বাজেটের বিশাল অংশটিই ছিল বৈদেশিক অনুদান নির্ভর। আমরা সরকার গঠনের পর সেই নির্ভরতা কমিয়ে এনেছি। আমরা আয় বুঝে ব্যয়ের যে বিষয়টি বলা হয়েছে, সেটি বিবেচনা করেই বাজেট দিই। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে আসতে পেরেছি বলেই আজকে বাজেটে বৈদেশিক অনুদান শূন্য দশমিক ৮ শতাংশ।

‘আমরা গত ১০ বছরে মাথা পিছু আয় ১ হাজার ৯৯৯ ডলারে উন্নত করেছি। দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এই হার অন্তত ১৬ শতাংশে নামিয়ে আনবো- এটা আমাদের লক্ষ্য। প্রবৃদ্ধি যখন উচ্চ আর মুদ্রাস্ফীতি যখন নিম্ন থাকে তখন এর সুফল দেশের মানুষ পায়।’

পূর্ববর্তি সংবাদভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদজিয়া স্বাধীনতার ‘চেতনায়’ বিশ্বাসী ছিলেন না: হানিফ