গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সড়কে গাছের ডাল ফেলে তাতে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করে স্থানীয়রা।

ইসলাম টাইমস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন বেগম (২৭) ও সাকিব খান (৭) নামে মা ও ছেলে নিহত হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা গ্যাড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মুকসুদপুর উপজেলার ঢাকপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (২৭) ও ছেলে সাকিব খান (৭)।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। আবরোধের সময় ১০/১২টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে এক শিশু আহত হয়। পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা ওই স্থানে  স্পিডব্রেকার তৈরির আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সকাল সোয়া ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, শাওন বেগম শনিবার সকালে ছেলে সাকিবকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। গ্যাড়াখোলায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মা ও ছেলের লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদুই মাস না যেতেই ভারত থেকে আনা বাসের ছাদে ফুটো
পরবর্তি সংবাদকুষ্টিয়ায় রেলসেতুতে লোহার বদলে বাঁশ!