আমিরাতের শাসককে একা ফেলে চলে গেলেন স্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে একা ফেলে চলে গেছেন তার স্ত্রী প্রিন্সেস হায়া। সঙ্গে নিয়ে গেছেন ছেলে জায়েদ ও মেয়ে আল জলিলাকে। বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, তিনি ছেলে ও মেয়েকে নিয়ে জার্মানিতে অবস্থান করছেন। সেখানে আশ্রয় প্রার্থনা করেছেন এবং স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন। তার সঙ্গে রয়েছে ৩ কোটি ১০ লাখ পাউন্ড। তা দিয়ে সেখানে তিনি নতুন জীবন পরিচালনা করতে চাইছেন।

তবে তাদেরকে সংযুক্ত আরব আমিরাতের কাছে ফেরত দেয়ার জন্য বার্লিনের কাছে অনুরোধ করেছেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বার্লিন। নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা বলেছেন, তারা প্রিন্সেস হায়া’কে নিরাপত্তা দেবেন। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসক, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তিনি ৯০০ কোটি পাউন্ডেরও বেশি অর্থের মালিক।

গত বছর একটি রিপোর্ট প্রকাশ হয় যে, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের এক মেয়ে শেখ শামসা আল মাকতুমকে দুবাইতে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ২০০০ সালে সারে’তে অবস্থিত তার পারিবারিক ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের এস্টেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তারপর থেকে তার আর দেখা নেই। তবে পরিবার বলছে, তিনি দুবাইতে নিরাপদে আছেন।

পূর্ববর্তি সংবাদমাদুরোর ছেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ
পরবর্তি সংবাদকুলাউড়া ট্রেনদুর্ঘটনা: তিন কার্যদিবসের প্রতিবেদন ছয় কার্যদিবসেও জমা হয়নি