সেপ্টেম্বরের পর ফেসবুক ও ইউটিউব সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে

ইসলাম টাইমস ডেস্ক: সেপ্টেম্বরের পর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সরাসরি নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার আরও বলেন, আমরা এখন ইচ্ছে করলে যে কোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারি। এটি আমাদের একটা বড় অর্জন। বিশেষ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা এ সক্ষমতা অর্জন করেছি। এ কারণে সেই সময় কেউ কোনো গুজব ছড়াতে পারেনি। ইতিমধ্যে ইন্টারনেটকে নিরাপদ করার জন্য ২২ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। এর পাশাপাশি বেটিং সাইটও বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়াতে যখন-তখন স্ট্যাটাস দেয়াই হচ্ছে এখন বড় সংকট। ভিডিও প্রচারও একটা সংকট। এগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। এর প্রধান কারণ হল- ফেসবুক ও ইউটিউব মার্কিন প্রতিষ্ঠান। এগুলো সেখানকার কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করে পরিচালিত হয়। আমরা হস্তক্ষেপ করতে পারি না।

ডাক ও টেলিযোগযোগমন্ত্রী জব্বার বলেন, তবে সুখবর হল আমরা আশা করছি সেপ্টেম্বরের পর আমরা এক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করার সক্ষমতা অর্জন করতে পারব। অর্থাৎ কেউ ইচ্ছা করলেই যা খুশি তাই সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক-ইউটিউবে) দিতে পারবে না, প্রচার করতে পারবে না। তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেই। কারণ এক্ষেত্রে তারা দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাই। এটা অবশ্যই গর্ব করার বিষয়।

পূর্ববর্তি সংবাদমেয়েটির আর্তনাদ, ‘আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে’
পরবর্তি সংবাদমাদুরোর ছেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ