বাগেরহাটে যুবককে কুপিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে লাহু শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাহু শেখ মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব ভাগা গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত হন তিনি। লাহু শেখ ভাগা গ্রামের মহসীন শেখের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত ১২টার পরে লাহুর মা রুমানা বেগম গোঙ্গানির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে লাহুর গলায় কোপের চিহ্ন ও পাশে একটি বটি দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে লাহুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে বেলা ১১টার দিকে মারা যায় লাহু শেখ। জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তি সংবাদনারী ও শিশু নির্যাতন আইনে ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি মামলা বিচারাধীন : আইনমন্ত্রী
পরবর্তি সংবাদবিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ পদ শূন্য