ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গ্রীনরোডে কমফোর্ট হাসপাতালে রোগীদের ওয়েটিং রুম মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ চার শ্রমিক হলেন- ফয়েজ (২৩), রাশেদ (৩০), আবদুল লতিফ রফিক (২০) ও সুজন (১৮)।
জানা গেছে, গ্রিন রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতালে ওয়েটিং রুম মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় হঠাৎ করেই সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে চার শ্রমিক গুরুতর দগ্ধ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়।
সূত্র জানিয়েছে, রুমে কাজ করার সময় দেয়ালে থাকা বৈদ্যুতিক সুইচ অন করার সময়ই হঠাৎ করে রুমে বিস্ফোরণ হয়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের জরুরি অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
















