ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান।
মিজানের আইনজীবী আসাদুজ্জামান খান জানান, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রবিবার জামিন আবেদনটি জমা দেওয়া হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সোমবার আগাম জামিনের ওপর শুনানি হতে পারে।
তিন কোটি সাত লাখ ৫ হাজার ২১ টাকার সম্পদের তথ্য গোপন এবং তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন মামলা দয়ের করেন দুদকের পরিচালক মনজুর মোরশেদ।
মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।
















