এরশাদের শারীরিক অবস্থার অবনতি

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের।

জি এম কাদের বলেন, রবিবার (৩০ জুন) সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশনও দেখা দিয়েছে । পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

রবিবার (৩০ জুন) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য পরিবারের প্রস্তুতি রয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, তবে এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসায় আমাদের আস্থা আছে।

গত ২৬ জুন থেকে সিএমএইচ চিকিৎসাধীন রয়েছেন এরশাদ। এর আগে গত ২০ জানুয়ারি এরশাদকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ৯১ বছর বয়সী হুসেইন মুহম্মদ এরশাদ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই অসুস্থ হয়ে পড়েন। ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই কারণে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারেননি।

সম্প্রতি এরশাদ শারীরিক অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন তার ছোট ভাই জি এম কাদেরকে।

পূর্ববর্তি সংবাদ২০ জুলাই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইমরান খান, নড়েচড়ে বসছে নয়াদিল্লি
পরবর্তি সংবাদহেফাজত নেতৃবৃন্দের সাথে জাতীয় ওয়ায়েজীন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত