কুলাউড়া ট্রেনদুর্ঘটনা: তিন কার্যদিবসের প্রতিবেদন ছয় কার্যদিবসেও জমা হয়নি

ইসলাম টাইমস ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ কার্যদিবসের মধ্যে দেয়ার কথা থাকলেও আজ ছয় দিন পার হয়ে গেছে, তারপরও প্রতিবেদন জমা হয়নি।

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় গত ২৩ জুন (রোববার) দুর্ঘটনার কবলে পড়ে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন। ঘটনাস্থলেই নিহত হন চারজন। আহত হন শতাধিক যাত্রী।

এ ঘটনার পরের দিন পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। এ দুই তদন্ত কমিটিকে ঘটনার দিন হতে (২৩ জুন) তিন কার্যদিবসের মধ্যে (২৬ জুন) তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। কিন্তু ছয়দিনেও তদন্ত কমিটির অগ্রগতি সর্ম্পকে জানা যায়নি। মুখ খুলছেন না রেল কর্মকর্তারা।

পৃথক দুটি তদন্ত কমিটির একটি আঞ্চলিক প্রধান পর্যায়ের তদন্ত কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) আব্দুল জলিল, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) সুজিত কুমার, চিফ সিগনাল অ্যান্ড টেলিকম অফিসার (পূর্ব) ময়নুল ইসলামকে রাখা হয়েছে।

এসব তদন্ত কমিটি ঘটনার ছয় দিনেও কোনো অগ্রগতি না জানাতে পারায় মুখে কুলুপ এঁটেছেন রেলের কর্মকর্তারা। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের এড়িয়ে চলছেন তারা।

স্থানীয় সাংবাদিক পান্না দত্ত জানান, ঘটনার পর থেকে বারবার বিভিন্ন পর্যায়ে ফোন দিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। এতে পেশাগত কাজে বিঘ্ন ঘটছে, সেই সঙ্গে স্থানীয়রা জানতে পারছে না আসলে রেলে কী ঘটছে।

স্থানীয় আরেক সাংবাদিক এম এ কায়ুম জানান, সাধারণ জনগণ আমাদের কাছে তথ্য জানতে চায়, কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করতে চাইলেও রেলওয়ের বক্তব্য না পাওয়ায় সংবাদপূর্ণ হচ্ছে না। অপূর্ণ সংবাদ প্রকাশ করা যায় না।

এদিকে শনিবার (২৯ জুন) দুপুরে আঞ্চলিক পর্যায়ে তদন্ত কমিটির প্রধান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানের দেখা মিলে ঘটনাস্থলে। তবে তিনি এ বিষয়ে কিছু বলতে নারাজ।

পূর্ববর্তি সংবাদআমিরাতের শাসককে একা ফেলে চলে গেলেন স্ত্রী
পরবর্তি সংবাদআরব বসন্ত কি ফুরিয়ে গেছে?