লুটপাটের জন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে: ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র লুটপাটের জন্যই ভোক্তা পর্যায়ে বেআইনভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে।  রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত করতে আবারও ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার। গ্যাসের দাম বাড়িয়ে এক চুলায় ৯২৫ টাকা এবং দুই চুলায় ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ১লা জুলাই থেকে কার্যকর হবে। মির্জা আলমগীর বলেন, শুধুমাত্র লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে বেআইনভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো-যা সম্পূর্ণরুপে অযৌক্তিক পদক্ষেপ। তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে।

গত ১০ বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৬ বার। দেশের মানুষের রক্ত শোষণের যন্ত্রে পরিণত হয়েছে বর্তমান মধ্যরাতের নির্বাচনের সরকার।

বিএনপি মনে করে-সরকারের রাঘব বোয়ালদের পকেট ভারী করতেই গ্যাসের এই মূল্য বৃদ্ধি। গ্যাসের মূল্য বৃদ্ধিতে বেশুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান অবৈধ সরকার প্রতিটি ক্ষেত্রে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণে বেপরোয়া হয়ে উঠেছে। গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় সরকারের এই গণাবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

পূর্ববর্তি সংবাদহজ্ব : হাদীস ও আছারের আলোকে-[দুই]
পরবর্তি সংবাদআমিরাতে ৬ অমুসলিম কারাবন্দীর ইসলাম গ্রহণ