ইসলাম টাইমস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে পড়েছে। রোববার সন্ধ্যা থেকে মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফেসবুক স্ট্যাটাসে এবং অখ্যাত অনলাইন পোর্টালেও তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ করতে দেখা গেছে।
রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে ছোট ভাই জিএম কাদের বলেন, তার ফুসফুসে পানি চলে এসেছে, ইনফেকশন দেখা দেওয়ায় শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তার (এরশাদ) কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল।
তিনি বলেন, সিএমএইচের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গ পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। তারা মনে করেন, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য পৃথিবীর যেকোনো দেশেই পাঠানোর প্রস্তুতি আছে আমাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় সিএমএইচের চিকিৎসায় আস্থা রেখেছেন। আমরাও এখানকার চিকিৎসায় সন্তুষ্ট।
২৬ জুন এরশাদের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে। তার ওষুধ পরিবর্তন করা হয়েছে।
















