প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আহত কলেজছাত্রী, পলাতক অভিযুক্ত যুবক

ইসলাম টাইমস ডেস্ক: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম করেছে শহিদুল ইসলাম দুলাল (২৮) নামে এক যুবক। গতকাল সোমবার বিকেলে উপজেলার পৌর শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

আহত কলেজছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অভিযুক্ত শহিদুল ইসলাম দুলাল মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে। তবে পুলিশের দাবি- দুলাল কলেজছাত্রীকে ব্লেড দিয়ে আঘাত করে নিজের হাতও জখম করে। তাদের মধ্যে পূর্বে জানাশোনা ছিল।

 

কলেজছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার বলেন, এ ঘটনার আগেই নাতিকে উত্ত্যক্ত করার জন্য মঠবাড়িয়া থানায় দুলালের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, খবর পেয়ে আমি মঠবাড়িয়া হাসপাতালে গিয়েছিলাম। কলেজছাত্রীর ওপর হামলাকারী দুলালও হাসপাতালে ভর্তি হয়েছিল। দুলাল সেখান থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তি সংবাদসূর্যগ্রহণের সময় মহিলারা কিছু কাটলে কি গর্ভের সন্তানের ক্ষতি হয়?
পরবর্তি সংবাদতীব্র দাবদাহে অতিষ্ঠ ইউরোপ