আগামী বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু

ইসলাম টাইমস ডেস্ক: আগামী বৃহস্পতিবার ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘প্রি-হজ’এ ১৮৯টি ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে ডেডিকেটেড ১৫৭টি এবং শিডিউল ৩২টি। পোস্ট-হজে ১৪৭টি ফ্লাইট চলবে আগামী ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যার মধ্যে ডেডিকেটেড ১১৮টি এবং শিডিউল ২৯টি। এর মধ্যে বাংলাদেশ থেকে মদিনায় ১৮টি ও মদিনা থেকে বাংলাদেশে ১৫টি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

গতকাল সোমবার বলাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারহাত হাসান জামিল।

তিনি বলেন, চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ আগামী বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। একই দিন ফ্লাইট বিজি-৩১০১ বেলা ১১টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বিকাল ৩টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ রাত ৭টা ১৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম এবং সিলেট থেকেও ১৯টিসহ তিনটি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ৩০৪ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট।

এ সময় উপস্থিত ছিলেন, পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব জাহান খান, গ্রাহক সেবার ভারপ্রাপ্ত পরিচালক আতিক সোবাহান প্রমুখ।

পূর্ববর্তি সংবাদভারতে শুরু হয়েছে প্রাকৃতিক বিপর্যয়, টানা বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু
পরবর্তি সংবাদএকদিনের ভারী বৃষ্টিতেই ধসে পড়ল সড়কটি!