ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনোই প্রদেশের একটি তেলবাহী ট্যাংকারে হওয়া বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫০ জনে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে অর্ধশতাধিক।
বুধবার (৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’ হতাহতের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধার কাজে নিয়োজিত পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, সোমবার (১ জুলাই) প্রদেশটির আহুম্বি গ্রামে একটি তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও বহু লোক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হতাহতদের মধ্য থেকে আরও ৪০ জনের মৃত্যু হয়। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা এখনো আশঙ্কাজনক হওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে প্রাদেশিক পুলিশের প্রধান আলিউ বাবা বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার তেলবাহী ট্যাংকারটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তেল সংগ্রহ করতে গেলে আচমকা তা বিস্ফোরিত হয়। মূলত এতেই এত সংখ্যক লোক হতাহত হন। এ ঘটনায় আশপাশের বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
অপর দিকে দেশটির ফেডারেল রোড সেফটি কমিশনের সেক্টর কমান্ডার আলিয়ু বাবা বলেছেন, ‘হতাহতদের সর্বশেষ অবস্থা দেখে মনে হয়েছে, এখান থেকে অনেকেই বাঁচবে না। তাই এই মৃতের সংখ্যা খুব শিগগিরই আরও বাড়তে পারে।’
















