ইসলাম টাইমস ডেস্ক: তীব্র বর্ষণজনিত বন্যায় ভারতের মহারাষ্ট্রে দুই দিনে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। গতরাতে প্রবল বৃষ্টির কারণে রত্নগিরি জেলায় বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়। বানের পানির তাণ্ডবে মারা যান অন্তত ৬ জন। এর আগে সোমবার রাতে রাজ্যের রাজধানী মুম্বাইয়ের তিনটি জায়গায় টানা বর্ষণজনিত দেয়াল ধসে মৃত্যু হয় অন্তত ২২ জনের।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রত্নগিরি জেলার বাঁধটি ভেঙে যায়। এতে প্লাবিত হয় নিকটবর্তী অ্যাকলে, রিক্তোলি, ওভালি, কালকাভনে ও নন্দিভাসেসহ সাতটি গ্রাম। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। বন্যার তোড়ে অন্তত ১২টি বাড়ি ও ২০টি গাড়ি ভেসে গেছে। সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, ১৯ বছরের পুরনো তিওয়ারে বাঁধে আগেই ফাটল দেখা গিয়েছিল।
স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনকে বিষয়টি জানালেও বাঁধ মেরামতের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মুম্বাই থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটিতে পৌঁছেছে জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনী। তারা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে প্রশাসনিক কর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও রয়েছে বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সাংবাদিকদের জানান, গত ১২ ঘণ্টায় শহরে অপ্রত্যাশিত ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি গত এক দশকে সর্বোচ্চ। তীব্র বৃষ্টির ফলে বিদ্যমান ব্যবস্থায় পরিস্থিতির মোকাবিলা করা সমস্যা হয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি।
















