ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে বাড্ডা এলাকার সাতারপুল নামক স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দক্ষিণ পাশে প্রজাপতি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি ও কিছু ইয়াবা পাওয়া গেছে। ঘটনার সময় আরও কয়েকজন সন্ত্রাসী ছিল, তবে তারা পালিয়ে গেছে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী ওরফে রমজান মিয়া (৩৬)।
ডিবি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রোজার মাসে বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন (৫০) নিহত হন। ফরহাদ হোসেন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন রমজান।
বাড্ডা এলাকায় ২০১৫ সালে গামা হত্যা মামলারও (ত্রিপল মার্ডার) প্রধান আসামি ছিলেন রমজান। এ ছাড়া বাড্ডা এলাকায় সব টেম্পোস্ট্যান্ড, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি, কাঁচাবাজারের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়, ওই এলাকায় বাড়ি তৈরির বিভিন্ন কাজের সময় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন রমজান। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ বাড্ডায় গরুর হাটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন তিনি।
















