ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে আনুষ্ঠানিকভাবে জানিয়েই দিলেন তিনি আর নেই। দলের হাল ধরার জন্য অন্য কাউকে বেছে নিতে বললেন। আজ বুধবার ভারতের শতবছরের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন রাহুল গান্ধী। এক সপ্তাহের মধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। খবর এনডিটিভির।
পদত্যাগপত্র ফিরিয়ে নিতে কংগ্রেস নেতারা তাকে বারবার অনুরোধ করলেও তিনি সাড়া দিতে অপরাগ এবং নিজের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়ে দেন ।রাহুল গান্ধি কংগ্রেসের কার্যকরী কমিটিকে বলেন, খুব তাড়াতাড়ি একটি বৈঠক ডাকা হোক, যাতে দলের নতুন সভাপতি কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন নাম নির্বাচন করে তা জানিয়ে দেওয়ার জন্যেও দলকে পরামর্শ দেন রাহুল।
গত লোকসভা নির্বাচনে গোটা দেশেই অত্যন্ত খারাপ ফল করে কংগ্রেস। রাহুল গান্ধি নিজে কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত আমেঠিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। যদিও কেরালার ওয়ানাড কেন্দ্র থেকে জিতে কিছুটা হলেও মুখ রক্ষা করেন সোনিয়া পুত্র। এরপরেই রাহুল অসন্তোষ প্রকাশ করে বলেন কংগ্রেসের এই হারের দায় কোনো নেতাই নিতে আগ্রহী নন। তাই তিনিই কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেন।
















