বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না: হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি বরগুনায় রিফাত শরীফ হত্যায় জড়িত প্রধান আসামি নয়ন বন্ডের বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় হাইকোর্ট বলেছেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যা পছন্দ করি না। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ পেছন থেকে তাকে লালন-পালন করেছে, ক্রিমিনাল বানিয়েছে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বরগুনা জেলা প্রশাসক ও পুলিশের সুপারের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, ‘রিফাত হত্যার সঙ্গে জড়িত এজাহারভূক্ত এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আছেন চারজন।’

আরো বলা হয়েছে, ‘সন্দেহভাজন আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়। পরে গোলাগুলি থেমে গেলে পুলিশ সেখান থেকে নয়ন বন্ডের লাশ উদ্ধার করে।’

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ৯টি চুক্তি
পরবর্তি সংবাদক্ষমা চাওয়ার জন্য ওবায়দুল কাদেরকে  ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো মুক্তিযুদ্ধ মঞ্চ