কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, দুই এসআইকে স্ট্যান্ড রিলিজ

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়া ডিবি পুলিশের এএসআই শওকত আলম ও রিজার্ভ অফিসের এএসআই ফারুক হোসেনের বিরুদ্ধে কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। ঘুষ লেনদেন ঠেকাতে পুলিশ সদর দপ্তরের  আড়িপাতার ফাঁদে ঘুষ লেনদেনের বিষয়টি ধরা পড়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

অভিযুক্ত দুই পুলিশকে গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে বগুড়া থেকে চট্টগ্রাম রেঞ্জে স্ট্যান্ড রিলিজ করা হয়।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের চিঠিতে স্ট্যান্ড রিলিজের কারণ উল্লেখ করা হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, পুলিশ সদর দপ্তর টেলিফোনে আড়ি পেতে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ লেনদেনে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েই ওই দুই এএসআইকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

জেলা পুলিশে এ বছর সাধারণ কোটায় ৫৪ জন ও বিশেষ কোটায় ১৮৫ জন কনস্টেবল নিয়োগ হবে। গতকাল বুধবার থেকে কনস্টেবল নিয়োগে প্রার্থী বাছাই শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার লিখিত পরীক্ষা হচ্ছে। কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার পুলিশ সদর দপ্তর থেকে জেলা পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এক শ টাকায় কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়ে মাইকিং, পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়।

 

স্ট্যান্ড রিলিজ হওয়া ডিবি পুলিশের এএসআই শওকত আলম আজ সকালে গণমাধ্যমকে বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থ লেনদেনের ব্যাপারে তিনি মুঠোফোনে কারও সঙ্গে কোনো কথা বলেননি। পুলিশ সদর দপ্তর কোন অপরাধে তাঁকে চট্টগ্রাম রেঞ্জে স্ট্যান্ড রিলিজ করল, সেটা বুঝতে পারছেন না তিনি। বুধবার বগুড়া থেকে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

 

পূর্ববর্তি সংবাদবন্দীশিবিরে মানবিক বিপর্যয়, লিবিয়ায় কি আরেক গাদ্দাফির উত্থান হতে চলেছে?
পরবর্তি সংবাদহজ্জ্বের মওসুমে আমেরিকার নর্তকীকে নিয়ে কী করবে জেদ্দা?