যৌন হায়রানির অভিযোগে নারায়ণগঞ্জে ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক আটক

ইসলাম টাইমস ডেস্ক: শিশু শিক্ষার্থীকে যৌন হায়রানির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাহমুদপুর বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে এর প্রধান শিক্ষক মাওলানা আল-আামিনকে আটক করা হয়।

জানা যায়,  গত ২৭ জুন নিপীড়নের শিকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী তার মাকে জানায় ওই শিক্ষকের অপকর্মের কথা। সে মেয়ের অভিভাবক বিষয়টি র‌্যাবকে জানায়। পরে র‌্যাব অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে।

র‌্যাবের সিও কাজী শামসের উদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত আল-আমিনের নির্যাতনের শিকার ১২ শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। আল-আমিনের স্ত্রী পর্দানশীল। তিনি মাদ্রাসার পেছনের ঘরে থাকেন। এই সুযোগে আল-আমিন প্রাইভেট পড়ানোর কথা বলে, নানা কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের ধর্ষণ ও যৌন হেনস্তা করে আসছিল।

এদিকে মাওলানা আল-আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসী বলেন, ‘তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপকর্ম করার সাহস না পায়।’

র‌্যাবের সহকারী পরিচালক পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, আল-আমিনের বিরুদ্ধে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোনও শিক্ষার্থীর অভিভাবক চাইলে ফতুল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে পারবেন।

 

পূর্ববর্তি সংবাদমুসলিমদের হুমকি, মুসলিম বিদ্বেষী বক্তব্য: শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি
পরবর্তি সংবাদইমরান খানকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানালেন ট্রাম্প