ইসলাম টাইমস ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় এক রাতে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত এ প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও জুরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে ওই প্রতিষ্ঠানগুলোতে চুরির এ ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞাত চোরেরা দরজার তালা ভেঙে এসব স্কুলে প্রবেশ করে ল্যাপটপ, প্রজেক্টর, সৌর বিদ্যুতে ব্যবহৃত ব্যাটারি, পিতলের ঘণ্টা ও নগদ টাকাসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।
চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অফিস কক্ষে থাকা আলমারিগুলো ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে চোরেরা।
জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার জানান, স্কুলের লাইব্রেরি থেকে সৌর বিদ্যুতে ব্যবহৃত ব্যাটারি নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, চুরির ঘটনায় দুই স্কুলের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ, সপ্তাহখানেক আগে নলছিটি পৌর এলাকার গোহালকাঠি কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গোহালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।
















