ইসলাম টাইমস ডেস্ক: টাঙ্গাইল পৌর এলাকার আকুরটাকুর পাড়া থেকে শামীম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল বাছিতের বাসার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শামীম মধুপুর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। তিনি আব্দুল বাছিতের বাসার কেয়ারটেকার ছিলেন।
ডা. মো. আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার (২ জুলাই) থেকে শামীম হোসেনকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজনদের জানানো হয়। বৃহস্পতিবার (৪ জুলাই) বাসার নিচতলায় প্রচণ্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও কোনো ইঁদুর বা বিড়াল মরে রয়েছে কি না অন্যান্য কেয়ারটেকারদের খোঁজ নিতে বলেন। এ সময় মো. সায়েম নামের একজন বাসার নিচতলায় রুমের দরজা খুলতেই শামীমের লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে বাসার লোকজন এসে পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
















